জৈব সারেই ফিরবে মাটির প্রাণ! মেমারিতে বার্তা দিল ইফকো
নিজস্ব প্রতিনিধি: রাসায়নিক সারকে বলুন 'না', আর জৈব সারকে আপন করে নিন! চাষবাসে আসুক আধুনিক প্রযুক্তির বিপ্লব। ঠিক এই বার্তাই এবার পৌঁছে দেওয়া হলো সরাসরি কৃষকদের দরবারে। ১৯শে জুলাই মেমারির মাটি সাক্ষী থাকল এক ঐতিহাসিক কৃষি বিপ্লবের! মেমারি শহরের প্রাণকেন্দ্র চকদিঘী মোড় সংলগ্ন 'কৃষ্টি প্রেক্ষাগৃহ' মেতে উঠল এক জমজমাট মেগা সেমিনারে। সৌজন্যে— বিশ্বের অন্যতম বৃহৎ সমবায় সংস্থা ইফকো (IFFCO)।
মাটির স্বাস্থ্য ফেরাতে এবং ফলন বাড়াতে রাসায়নিক সার বর্জন করে জৈব সার ব্যবহারের ডাক দেওয়া হলো এই মেগা সেমিনার থেকে। শুধু তাই নয়, সনাতনী পদ্ধতি ছেড়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কীভাবে চাষাবাদ করা যায়, তারও দিকনির্দেশনা পেলেন কৃষকেরা।
চাষী ভাইদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো! পূর্ব বর্ধমান তো বটেই, পাশের জেলা হুগলি থেকেও শয়ে শয়ে প্রগতিশীল কৃষক স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছিলেন এই কর্মশালায়। এছাড়াও এলাকার বিভিন্ন কৃষি সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে।
কৃষকদের সঠিক দিশা দেখাতে এই সেমিনারে উপস্থিত চাঁদের হাট! ইফকোর হাই-প্রোফাইল প্রতিনিধি দল সরাসরি এসে পৌঁছান মেমারিতে। উপস্থিত ছিলেন:
ইফকোর মার্কেটিং ডাইরেক্টর ডঃ যোগেন্দ্র কুমার,
ইফকোর ডাইরেক্টর শুভ্রজিৎ পাধি,
স্টেট মার্কেটিং ম্যানেজার ডঃ প্রকাশ দত্ত,
রিজিওনাল ম্যানেজার শ্রী মৃনাল বর্মন,
এবং সিনিয়র সায়েন্টিস্ট তথা হুগলি KVK-এর হেড ডঃ নিতাই মুদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজ ১৯শে জুলাই, রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ইফকোর এই মেগা সেমিনারের মঞ্চ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। সবুজায়নের বার্তা দিতে উপস্থিত বেশ কিছু কৃষকদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান চারাগাছ। একদিকে মাটির পুষ্টি, অন্যদিকে প্রকৃতির রক্ষা— দুইয়ে মিলে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়।
সব মিলিয়ে, মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহ থেকে আজ যে আধুনিক ও জৈব কৃষির বার্তা দেওয়া হলো, তা আগামী দিনে আমাদের অন্নদাতাদের ভাগ্যবদল করতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষিক্ষেত্রে এই টেকনোলজির ছোঁয়া আর জৈব সারের জোয়ার কতখানি প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

