চিত্রলেখা–বিবেক সম্মান ড্রয়িং ইভেন্ট ২০২৬ অনুষ্ঠিত, অঙ্কনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতল পড়ুয়ারা
নিজস্ব প্রতিনিধি: সৃজনশীল প্রতিভার বিকাশ এবং শিশু-কিশোরদের শিল্পচর্চায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে তারাপীঠের তারা তীর্থ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো ‘চিত্রলেখা–বিবেক সম্মান ড্রয়িং ইভেন্ট ২০২৬’। “টাকায় নয়, প্রতিভায় গড়ে উঠুক জীবন”—এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় বর্ণাঢ্য এই অঙ্কন প্রতিযোগিতা।
এদিনের অনুষ্ঠানে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগীরা নিজেদের কল্পনা, সৃজনশীলতা ও রঙের দক্ষতা ফুটিয়ে তোলে। ছোট ছোট শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবের আবহে ভরে ওঠে।
এই অনুষ্ঠানের আয়োজন করে ‘চিত্রলেখা’ নামে একটি অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্ণধার অমল লেট জানান, শিশুদের মধ্যে শিল্পবোধ, নান্দনিক চিন্তাভাবনা এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই প্রতিবছর এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিবেক পথে’। সংস্থার সদস্যরাও উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সৃজনশীল উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন।
অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মাননা প্রদান করা হয় এবং কৃতী প্রতিযোগীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা জানান, পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

