সর্বশেষ খবর
পদ ছাড়লেন ‘বালু’, তুঙ্গে রাজনৈতিক জল্পনা
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই নাটকীয় মোড়। তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনা জেলার বড় দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাঁকে দলের জাতীয় কর্মসমিতিতেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই এই প্রবীণ নেতার আকস্মিক ইস্তফায় রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে জ্যোতিপ্রিয়বাবু জানিয়েছেন, অত্যন্ত খারাপ শারীরিক অবস্থার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁর রক্তে শর্করার মাত্রা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে এবং কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। চিকিৎসকদের পরামর্শ মেনে মানসিক ও শারীরিক চাপ এড়াতেই তিনি পদ আঁকড়ে থাকতে চান না বলে স্পষ্ট করেছেন।
তবে রাজনৈতিক মহলের একাংশ এই যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছে না। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেল খাটায় এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হাবড়া আসন থেকে পরাজিত হওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এমনিতেই প্রশ্ন উঠেছিল। তা সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব তাঁর অভিজ্ঞতার উপর আস্থা রেখে বড় দায়িত্ব দিয়েছিল।
পর্যবেক্ষকদের মতে, দলে চলতে থাকা সাম্প্রতিক অভ্যন্তরীণ টানাপড়েন এবং রদবদলের আবহে বালুর এই 'ইউ-টার্ন' অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর এই আকস্মিক সরে দাঁড়ানোকে ঘিরে তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়ছে। রাজনৈতিকভাবে উত্তর ২৪ পরগনায় দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

