সর্বশেষ খবর
মুরারই সাব-রেজিস্ট্রি অফিসে ডিড রাইটার ও আইনজীবীদের কর্মবিরতি পালন
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার মুরারই সাব-রেজিস্ট্রি অফিসে ডিড রাইটার ও আইনজীবীরা কর্মবিরতি পালন করলেন। এর ফলে কোনও দলিল জমা দেওয়া সম্ভব হয়নি এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।
অভিযোগ, সাব-রেজিস্ট্রার অফিসে কোয়েরি ও ভ্যালুয়েশন সার্টিফিকেট প্রদানে অস্বাভাবিক দেরি করা হচ্ছে। ডিড রাইটার ও আইনজীবীদের একাংশের দাবি, নির্ধারিত সময়ে পরিষেবা না পাওয়ায় দলিল সংক্রান্ত কাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও অভিযোগ উঠেছে যে, অর্থের বিনিময়ে দ্রুত কোয়েরি প্রদান করা হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন তুলতে গেলে ডিড রাইটারদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর ভাষায় কথা বলা হচ্ছে বলেও অভিযোগ।
আরও অভিযোগ, অফিসে অসুস্থ, বয়স্ক বা বিশেষ প্রয়োজনসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রেও কোনও অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কর্মবিরতির জেরে বহু গুরুত্বপূর্ণ দলিলের কাজ আজ স্থগিত হয়ে যায়, যার ফলে ভোগান্তি বাড়ে সাধারণ নাগরিকদের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক এবং সাব-রেজিস্ট্রি অফিসে স্বচ্ছ ও সময়মতো পরিষেবা নিশ্চিত করুক।

