সর্বশেষ খবর
কোয়েল-রঞ্জিতকে তীব্র কটাক্ষ, মুখ খুললেন কুণাল ঘোষ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে ক্ষমতার অলিন্দে রাজনীতির রং বদলাতেই টলিপাড়ার অন্দরে ও রাজনৈতিক বৃত্তে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল জমানার সুযোগ-সুবিধাভোগী তারকারা কেন রাতারাতি শিবির বদল করছেন, তা নিয়ে এবার সরাসরি আক্রমণ শানালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে নজিরবিহীনভাবে নিশানায় নেওয়ার পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তারকা প্রীতি’ নিয়েও তীক্ষ্ণ কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে রাজ্যসভার উপনির্বাচনে কোয়েল মল্লিক প্রার্থী হতেই ক্ষোভে ফেটে পড়েছেন কুণাল। রবিবার এক প্রতিক্রিয়ায় তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, “রঞ্জিতবাবু বা কোয়েল মল্লিক নিজেদের সম্মানের প্রতি সুবিচার করলেন না।” কুণালের সংযোজন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তৃণমূলের সাংসদ হতে খুব ভালো লাগছিল! এখন উনি মুখ্যমন্ত্রী নেই, আর অমনি সঙ্গে সঙ্গে বিজেপি-তে যেতে হলো? এই দলবদলকে ‘বিশ্বাসঘাতকতা’বলে উল্লেখ করে দলীয় নেতৃত্বের পুরোনো সিদ্ধান্তের দিকেও আঙুল তুলেছেন তিনি।
বেলেঘাটার বিধায়কের বক্তব্য, এই ধরনের ঘটনার পরই প্রশ্ন ওঠে— ‘দিদিমণি’কেন এই সমস্ত জিনিসপত্রকে দলে নিয়েছিলেন বা রাজ্যসভায় পাঠিয়েছিলেন? কুণাল মনে করিয়ে দেন, কোয়েলকে রাজনীতিতে এনেছিলেন মমতাই, আর রঞ্জিত মল্লিককে করেছিলেন কলকাতার শেরিফ। এমনকি তৎকালীন শাসকদলের মঞ্চে তাঁদের নিয়মিত দেখা যেত। অথচ রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই যেভাবে এই তারকারা ভোল বদলে পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলায় ক্ষমতার হাতবদল হতেই টলিউডের একাংশের এই ডিগবাজি নতুন নয়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা মল্লিক পরিবারের এই ‘দলবদল’ ও তার জবাবে কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য বাংলার রাজনৈতিক ও বিনোদন মহলে এক নতুন বিতর্ক সৃষ্টি করল।

