সর্বশেষ খবর
বিতর্কিত মন্তব্যের পক্ষে সাফাই দিলেন মাধুরী
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’ থেকে বিদায় নেওয়ার পর দরিদ্র পরিবারে সন্তান জন্মদান নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের পক্ষে সাফাই গাইলেন ব্যবসায়ী মাধুরী গ্রোভার। নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp) সিজন ২-এর প্রতিযোগী এবং আশনিল গ্রোভারের স্ত্রী মাধুরী গ্রোভারের একটি মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। শো থেকে বাদ পড়ার পর ওটিটি প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলে সঞ্চালক তেজস্বী প্রকাশের মুখোমুখি হয়ে তিনি নিজের পুরনো মন্তব্যের পক্ষেই সওয়াল করেন।
সাক্ষাৎকারে তেজস্বী প্রকাশ যখন মাধুরীকে মনে করিয়ে দেন যে দরিদ্রদের সন্তান হওয়া নিয়ে তাঁর বক্তব্য বাইরে ব্যাপক সমালোচিত হয়েছে, তখন মাধুরী নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ধনী ব্যক্তিরা যত বেশি সন্তান নেবেন, দেশের সম্পদ তত বৃদ্ধি পাবে। অন্যদিকে, দরিদ্র মানুষরা বেশি সন্তান নিলে দেশে দারিদ্র্য আরও বাড়বে।
তিনি দাবি করেন যে তিনি কাউকে সন্তান নিতে নিষেধ করেননি, বরং বর্তমান প্রজন্মের সন্তান না নেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করছিলেন। তেজস্বী এই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মাধুরী নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি স্পষ্ট বলেন, "ধনীরাই তো দেশ চালাচ্ছে। তারা ছাড়া আর কে চালাচ্ছে? বাকি মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা তো তারাই করছে।"

