সর্বশেষ খবর
মালদহে কোটি টাকা উদ্ধার, শোরগোল রাজ্যে
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ টুলু মণ্ডলের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের বিপুল টাকার পাহাড় হদিশ মিলল। এবার ঘটনাস্থল মালদহ। বীরভূমের ঘটনার রেশ এখনও টাটকা। তার মধ্যেই রবিবার রাতে পুরাতন মালদহ শহরে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক ওষুধ ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। আলমারিতে থরে থরে সাজানো সেই টাকা গুনতে শেষ পর্যন্ত নিয়ে আসতে হয়েছে কাউন্টিং মেশিন।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদহ জেলা পুলিশ যৌথভাবে একটি বিশেষ অভিযান চালায়। পুরাতন মালদহ শহরের বাসিন্দা পিন্টু চৌধুরী নামে এক ওষুধ ব্যবসায়ীর অফিসে হানা দেন তদন্তকারীরা। সেখানেই তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের। আলমারি খুলতেই দেখা যায়, ভেতরে থরে থরে সাজানো রয়েছে নোটের বান্ডিল। উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতটাই বেশি যে, তা গোনার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হয় নোট গোনার মেশিন। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকার অঙ্ক এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
টাকার পাশাপাশি ওই ওষুধ ব্যবসায়ীর অফিস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপও উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক কফ সিরাপ পাচার চক্রের গভীর যোগসূত্র রয়েছে। কফ সিরাপ পাচারের লভ্যাংশই এই অফিসে মজুত করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ধৃত ব্যবসায়ী পিন্টু চৌধুরীর আয়ের উৎস কী এবং এই চক্রের পেছনে আর কোন কোন রাঘববোয়াল জড়িয়ে রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা ও কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীকে আরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

