সর্বশেষ খবর
মানকর হাসপাতালে পরিষেবার বেহাল দশা, ক্ষোভ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি থেকে শুরু করে বিকল এক্স-রে মেশিন— মানকর গ্রামীণ হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার এই সমস্ত একাধিক দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল সংগঠনের কর্মী-সমর্থকেরা। এদিন দলের নেতা-কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল মানকর হাসপাতাল চত্বরে পৌঁছায়। এরপর হাসপাতালের সুপারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল, চিকিৎসকদের নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা, ২৪ ঘণ্টার জন্য জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা সচল রাখা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে ও ইসিজি মেশিন দ্রুত চালু করা। গ্রামীণ এলাকার গরিব মানুষের ভরসা এই হাসপাতাল, কিন্তু বর্তমান পরিকাঠামোয় সাধারণ মানুষ নূন্যতম চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ।
দলীয় নেতা সমীর চট্টোপাধ্যায় হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা বর্তমানে তলানিতে ঠেকেছে। এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে গ্রামীণ এলাকার কোনো রোগী এলেই তাঁকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি আরও অভিযোগ করেন যে, হাসপাতালে কর্মরত কিছু কর্মী প্রায়শই রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হাসপাতাল সুপার অবশ্য আন্দোলনকারীদের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি আশ্বস্ত করে জানান, বিষয়গুলি তিনি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানাবেন। তবে কৃষক সভার নেতৃত্বের হুঁশিয়ারি, আগামী দিনে পরিস্থিতির দ্রুত সুরাহা না হলে তাঁরা আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন।

