সর্বশেষ খবর
ভয়াবহ ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ধসে দিনভর বিপর্যস্ত হয়ে পড়ল সিকিম ও শিলিগুড়ির লাইফ লাইন তথা ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে সিকিমের সিংতাম ও রংপোর মাঝামাঝি ২০ মাইল এলাকায় বিশাল ধস নামে। এর ফলে রাস্তার ওপর টন টন বোল্ডার ও মাটি এসে পড়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন পাহাড়ে বেড়াতে আসা শয়ে শয়ে পর্যটক এবং নিত্যযাত্রীরা। ধসের জেরে জাতীয় সড়কের দু'পাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সিংতাম থেকে কিছু গাড়িকে সেন্ট্রাল পেন্ডাম হয়ে ঘুরপথে রংপোর দিকে পাঠানোর ব্যবস্থা করে। তবে ঘুরপথ সংকীর্ণ হওয়ায় যান চলাচল ধীর গতিতে চলছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হলেও টানা বৃষ্টির কারণে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।

