সর্বশেষ খবর
মেমারী জ্ঞানভারতী থেকে নবগ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ‘ছোটোদের মিলনযাত্রা’
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
নূর আহমেদ,মেমারী: রথযাত্রার পুণ্য প্রভাতে মেমারী শহর সাক্ষী হতে চলেছে এক অনন্য ও উৎসবমুখর অনুষ্ঠানের। আগামী রথযাত্রার দিন সকালে কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য পদযাত্রা, যার নাম দেওয়া হয়েছে ‘ছোটোদের মিলনযাত্রা’। এলাকার বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ‘জ্ঞানভারতী মেমারী’-র উদ্যোগে এই বিশেষ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
উৎসবের সকালে খুদেদের মনে সম্প্রীতি, ঐক্য এবং উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই এই পদযাত্রার আয়োজন। জানা গেছে, রথযাত্রার পুণ্য তিথিতে ভোর হতেই মেমারীর জ্ঞানভারতী প্রাঙ্গণ থেকে এই মিলনযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মেমারী থেকে শুরু হয়ে নবগ্রাম পর্যন্ত অগ্রসর হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, যাত্রা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ঠিক ৬টা ৩০ মিনিট।
রথযাত্রার এই শুভ প্রভাতে এলাকার সমস্ত স্তরের মানুষকে এই মিলনযাত্রায় সামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
ছোটোদের এই বর্ণাঢ্য পদযাত্রাকে ঘিরে মেমারী ও পার্শ্ববর্তী নবগ্রাম এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কচিকাচাদের এই মহতী উদ্যোগকে সফল করতে অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন আয়োজক কমিটি। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র/ ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

