সর্বশেষ খবর
চলন্ত ট্রেনে মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে পাথর
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে পাথর ছোড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টা নাগাদ কানপুর থেকে দিল্লিগামী ‘স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস’ ট্রেনটি যখন ফিরোজাবাদ জেলার মাকখানপুর এলাকা পার হচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়। ঘটনার জেরে ট্রেনের একটি নির্দিষ্ট কামরার জানালার বাইরের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে সৌভাগ্যবশত আরএসএস প্রধান সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন।
পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আরএসএস প্রধান মোহন ভাগবত ওই এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরায় (E-1 কোচ) সফর করছিলেন। ট্রেনটি মাকখানপুর স্টেশন পার হয়ে যখন তীব্র গতিতে ছুটছিল, তখন হঠাৎই কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই নির্দিষ্ট কামরা লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। একটি বড় পাথর এসে সরাসরি সেই জানালার কাচে আঘাত করে যার উল্টো দিকের আসনে সঙ্ঘপ্রধান বসেছিলেন। পাথরের আঘাতে জানালার বাইরের দিকের ডবল গ্লাসের একটি স্তর ভেঙে যায়। ঘটনার আকস্মিকতায় ট্রেনের অন্য যাত্রীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পাওয়ামাত্রই রেল পুলিশ (GRP) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) তৎপর হয়ে ওঠে। ট্রেনটিকে পরবর্তী জংশন টুন্ডলা স্টেশনে কিছুক্ষণের জন্য থামিয়ে রেলের পদস্থ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কামরাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফিরোজাবাদের পুলিশ সুপার (SSP) আদিত্য লাঙ্গেহ এবং আগ্রা জোনের শীর্ষ পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সঙ্ঘপ্রধানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় এলাকা ও সংলগ্ন রেললাইনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে।
প্রাথমিক তদন্তের পর ট্রেনটিকে পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। ট্রেনটি নিরাপদেই গন্তব্যে পৌঁছায়। এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট চক্রান্ত বা উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।

