সর্বশেষ খবর
আগ্নেয়াস্ত্র সহ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: গাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে গোপালনগর থানার পুলিশ গোপালনগর বাজার এলাকা থেকে তাঁকে পাকড়াও করে। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতিও ছিলেন। প্রকাশ্য বাজার থেকে এই হাইপ্রোফাইল নেতার গ্রেফতারির ঘটনায় জেলা রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তাঁদের কাছে বিশ্বজিৎবাবুর গতিবিধি নিয়ে কিছু নির্দিষ্ট খবর আসছিল। সোমবার দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, প্রাক্তন বিধায়কের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই খবরের ভিত্তিতেই গোপালনগর বাজার চত্বরে ওত পেতে ছিলেন তদন্তকারীরা। বিশ্বজিৎ দাস নিজের গাড়িতে চেপে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ আচমকাই তাঁর গাড়িটি থামায়। এরপর তাঁর গাড়িতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। বেআইনিভাবে এই অস্ত্র রাখার অপরাধে পুলিশ তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় গোপালনগর থানায়।
রাজনৈতিক মহলে বিশ্বজিৎ দাস এক পরিচিত নাম। তিনি বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক। প্রথমে তৃণমূলে থাকলেও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। তবে বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি আবার পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। এরপর ২০২৪ সালে দল তাঁকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্বও দিয়েছিল।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

