মুর্শিদাবাদে ‘হুগলি সংকল্প’ অভিযানের চমক, মঞ্চে সাইবার সুরক্ষা ও সেনায় কেরিয়ারের পাঠ
রিচা দত্ত, মুর্শিদাবাদ: ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত ৪১০ কিলোমিটার নৌ-যাত্রার মাঝপথে মুর্শিদাবাদে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজর কাড়ল NCC ক্যাডেটরা। ‘হুগলি সংকল্প - MENU 2026’ অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে এল সাইবার সচেতনতা এবং সশস্ত্র বাহিনীতে যোগদানের বার্তা।
পশ্চিমবঙ্গ ও সিকিম অধিদপ্তরের অধীনে বেঙ্গল নেভাল ইউনিটের ৬০ জন ক্যাডেটকে নিয়ে এই অভিযানের নেতৃত্বে রয়েছেন ১ বেঙ্গল নেভাল NCC-র কমান্ডিং অফিসার কমান্ডার সঞ্জীব শরণ এবং ২ বেঙ্গল নেভাল NCC-র কমান্ডিং অফিসার কমান্ডার মৃন্ময় ঘোষ।
সোমবার মুর্শিদাবাদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলাশাসক আর. অর্জুন। সঙ্গে ছিলেন পুলিশ সুপার সচিন মক্কর, অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ৪০০-র বেশি স্কুল পড়ুয়া, শিক্ষক এবং NCC ক্যাডেটদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল জমজমাট।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই নৌ-অভিযান শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ‘ভাসমান শ্রেণীকক্ষ’। এদিন মঞ্চ থেকে ক্যাডেটরা নাচ, গান, নাটকের মাধ্যমে বোঝান কীভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং অনলাইন প্রতারণা থেকে বাঁচতে কী কী করণীয়।
পাশাপাশি ‘ভাইব্রেন্ট ভিলেজেস ২.০’ কর্মসূচির লক্ষ্য পূরণে পড়ুয়াদের জন্য সেনাবাহিনীতে কেরিয়ার কাউন্সেলিং-এরও আয়োজন করা হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ, প্রস্তুতি ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেন ক্যাডেটরা।

