অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা মামনকে ঘিরে কিল-চড়, ডিম বৃষ্টি বোলপুরে!
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: একুশের বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল উপপ্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখকে ঘিরে সোমবার বোলপুরে আছড়ে পড়ল চরম জনরোষ। বোলপুর মহকুমা হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে দেদার ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের ঘেরাটোপের মধ্যেই মামনকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-চড় মারতে শুরু করেন উপস্থিত উত্তেজিত জনতা। শেষমেশ মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তকে বাঁচাতে রীতিমতো হিমশিম খেতে হয় শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই রাজনীতিতে দ্রুত উত্থান হয়েছিল এই মামন শেখের। ২০১৩ সাল থেকে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান পদে থাকা মামন ২০১৮ সালে দলের অঞ্চল সভাপতিও হন। এলাকায় তাঁর দাপট এতটাই ছিল যে, খাতায়-কলমে প্রধান থাকলেও পঞ্চায়েতের রাশ থাকত মামনের হাতেই। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কঙ্কালীতলা এলাকায় তোলাবাজি, প্রতারণা ও কোটি কোটি টাকার অগাধ সম্পত্তির মালিক বনে যান তিনি। পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অঞ্চল সভাপতির পদ খোয়ালে তিনি বীরভূমের বর্তমান দাপুটে নেতা কাজল শেখের শিবিরে নাম লেখান।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচন মেটার পর কঙ্কালীতলা অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে মামনের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসার এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মামন শেখ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন বোলপুর আদালতে তোলার আগে শান্তিনিকেতন থানার সামনে এবং হাসপাতাল চত্বরে বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান, যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়।

