স্বচ্ছতা ফেরাতে নজিরবিহীন পদক্ষেপ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জোড়া ইন্টারভিউ প্যানেল বাতিল!
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভর্তি প্রক্রিয়ায় বেনিয়ম ও বিতর্কের জেরে কড়া পদক্ষেপ করল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন (শিক্ষা বিজ্ঞান) এবং সোশিওলজি (সমাজবিদ্যা) বিভাগে পিএইচডি-তে ভর্তির জন্য হওয়া আগের ইন্টারভিউ প্যানেল পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে।
২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে হওয়া প্রবেশিকা পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছিলেন, সেই সমস্ত পড়ুয়ার ইন্টারভিউ আবার নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা বজায় রাখতে এবার প্রতিটি ইন্টারভিউ বোর্ডে দু’জন করে বহিরাগত বিশেষজ্ঞ রাখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন উপাচার্য শঙ্করকুমার নাথ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষা অনুষদের স্নাতকোত্তর বিভাগের ডিন এবং এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান স্বয়ং ইন্টারভিউ প্রক্রিয়ায় গলদ নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এই টানাপড়েনের কারণেই এতদিন এডুকেশন ও সোশিওলজি বিভাগের ইন্টারভিউর চূড়ান্ত ফলাফল প্রকাশ আটকে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে দীর্ঘ আলোচনার পর বিতর্ক এড়াতে সম্পূর্ণ ইন্টারভিউ প্যানেলটিই বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন সূচি অনুযায়ী, এডুকেশন বিভাগের ১৭৬ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১৭ ও ১৮ জুলাই এবং সোশিওলজি বিভাগের ৯ জন প্রার্থীর ইন্টারভিউ হবে আগামী ২২ জুলাই। এই সমস্ত ইন্টারভিউ নির্দিষ্ট দিনগুলিতে সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের দফতরে অনুষ্ঠিত হবে এবং বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন স্বয়ং। উপাচার্য শঙ্করকুমার নাথ এই প্রসঙ্গে স্পষ্ট জানান, পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

