সর্বশেষ খবর
সরকারি চাকরির মেয়াদ হোক ১০-১৫ বছর, বেকারত্ব দূর করতে অভিনব প্রস্তাব কুমারস্বামীর
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দেশের বেকারত্ব সমস্যা মেটাতে এক সম্পূর্ণ অভিনব এবং চমকপ্রদ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সরকারি চাকরির চেনা বাঁধাধরা নিয়মে আমূল বদল আনার পক্ষে সওয়াল করেছেন তিনি।
শুক্রবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বেকার যুবক-যুবতীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই এই বিস্ফোরক প্রস্তাব দিয়ে কুমারস্বামী বলেন, “আমার প্রস্তাব হল, সরকারি চাকরির মেয়াদ সর্বোচ্চ ১০ থেকে ১৫ বছরে বেঁধে দেওয়া হোক।” তাঁর যুক্তি, বর্তমান নিয়মে এক বার কেউ সরকারি চাকরি পেয়ে গেলে টানা ৩০ থেকে ৩৫ বছর সেই একই পদে বহাল থেকে যান। ফলে তাঁর ও তাঁর পরিবারের আজীবন খেয়াল রাখে সরকার। কিন্তু দেশের যে লক্ষ লক্ষ যুবকের হাতে কোনও সরকারি চাকরি নেই, তাঁদের কথা কেউ ভাবে না।
কুমারস্বামীর দাবি, সরকারি চাকরির এই নির্দিষ্ট বয়সসীমা বা কাজের মেয়াদ যদি কমিয়ে ১০-১৫ বছর করে দেওয়া যায়, তবে প্রতি এক দশক অন্তর বিপুল পরিমাণ শূন্যপদ তৈরি হবে। এর ফলে দেশের অনেক বেশি সংখ্যক বেকার মানুষ সরকারি চাকরি পাওয়ার সুযোগ পাবেন এবং তাঁদের পরিবারও নিশ্চিত আয়ের মুখ দেখে বাঁচতে পারবে। কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রথাভাঙা দাওয়াই ঘিরে ইতিমধেই জাতীয় রাজনীতি ও সরকারি কর্মচারী মহলে জোর চর্চা শুরু হয়েছে।

