সর্বশেষ খবর
বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ল
প্রকাশিত: ১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় আরও একবার বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ জুন সোমবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় আরও ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কলকাতায় প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। মে মাসের পর জুন মাসের শুরুতেই এই মূল্যবৃদ্ধির কারণে চরম উদ্বেগে পড়েছেন শহরের হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
চলতি ২০১৬ সালের শুরু থেকেই দেশজুড়ে ধারাবাহিক ভাবে বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ৪৯ টাকা ৫০ পয়সা। এরপর ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে এক লাফে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে মে মাসের শুরুতে। মে মাসে এক ধাক্কায় প্রায় হাজার টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল ১৯ কেজির এই সিলিন্ডারের দাম। সেই রেশ কাটতে না কাটতেই জুনের পয়লা তারিখেই ফের দাম বাড়ায় মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
টানা এই মূল্যবৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। হোটেল-রেস্তোরাঁর মালিকদের একাংশ জানাচ্ছেন, যে হারে ক্রমাগত গ্যাসের দাম বাড়ছে, তাতে খাবারের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় থাকবে না। ফলে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়া বা বিয়ে-বাড়ির ক্যাটারিংয়ের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। শুধু বড় রেস্তোরাঁই নয়, রাস্তার ধারের ছোট চায়ের দোকান বা ফাস্ট ফুডের দোকানদাররাও এই সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়েছেন।
সাধারণত প্রতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করেই এই দাম ঠিক করা হয়। তবে মে মাসের পর জুনেও এই বিপুল দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম আকাশছোঁয়া হলেও ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম এই দফায় অপরিবর্তিত রাখা হয়েছে, যা সাধারণ গৃহস্থের জন্য সামান্য স্বস্তির। তবে বাণিজ্যিক গ্যাসের এই লাগামছাড়া দাম বৃদ্ধি পরোক্ষভাবে বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামকেও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহ ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে সংযমী হওয়ার আর্জি জানিয়েছেন।

