১৭ রাজ্যে ভোটার তালিকা সংশোধনে নামছে কমিশন
নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে এক নজিরবিহীন ও বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে এবং ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের নাম তালিকায় ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, বিহার ও তামিলনাড়ু-সহ দেশের মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে ‘স্পেশাল সামারি রিভিশন’ (SSR) চালুর ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার ভিত্তি তারিখ (কোয়ালিফাইং ডেট) ধরে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হবে। আগামী ১২ নভেম্বর দেশজুড়ে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপর দাবি ও আপত্তি খতিয়ে দেখে আগামী ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সম্প্রতি জাতীয় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সংস্থা (এনআরআরডিএ)-র তরফে পশ্চিমবঙ্গ-সহ সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের এই মেগা ড্রাইভে রাজনৈতিক দলগুলির নজর থাকবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু ভোটারের নাম বাদ পড়া নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। এবার সেই বাদ পড়া নাম পুনরুদ্ধার করাই কমিশনের প্রধান লক্ষ্য।

