অনিয়মের অভিযোগে বাদ একাধিক টিপিএ সংস্থা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনিয়ম রুখতে শেষ পর্যন্ত নজিরবিহীন কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় যুক্ত একাধিক মধ্যস্থতাকারী বা ‘থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর’ (টিপিএ) সংস্থাকে একযোগে ছেঁটে ফেলা হল। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির চক্র ভাঙতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
সরকারি এই বিমা প্রকল্পগুলিতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে টাকা হাতানোর অভিযোগ নতুন নয়। তদন্তে বারবার প্রকাশ পেয়েছে যে, এই অনিয়মের নেপথ্যে রয়েছে কিছু টিপিএ সংস্থার প্রত্যক্ষ যোগসাজশ। নার্সিংহোমগুলির একাংশের সঙ্গে হাত মিলিয়ে সরকারি কোষাগারের টাকা নয়ছয় করার অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক নির্দেশিকা ও কড়া নিয়ম জারি করেছিল আগের সরকার। কিন্তু তাতেও পুরোপুরি রাশ টানা যায়নি দুর্নীতির গ্রাফে।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, দিনের পর দিন ধরে চলা এই বেআইনি কারবার বন্ধ করতেই এবার সরাসরি উৎস মুখে আঘাত করা হয়েছে। যে সমস্ত মধ্যস্থতাকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতি ও যোগসাজশের অকাট্য প্রমাণ মিলেছে, তাদের পুরোপুরি এই প্রকল্পগুলি থেকে বাদ দেওয়া হল। প্রশাসনের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য মহলের বড় অংশ। তাঁদের মতে, এই পদক্ষেপের ফলে ভুয়ো বিলের কারবারে যেমন লাগাম টানা যাবে, তেমনই প্রকৃত রোগীরা আরও দ্রুত ও স্বচ্ছভাবে চিকিৎসার পরিষেবা পাবেন।

