নকল 'লেফটেন্যান্ট কর্নেল' সেজে প্রতারণা! গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক
রিচা দত্ত, মুর্শিদাবাদ: নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। সেনা গোয়েন্দা বিভাগ ও নবগ্রাম থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার এক জালিয়াত। ধৃতের নাম তরুণ দাস, বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, তরুণ দাস বাড়ি থেকে বেরোনোর সময় সেনার ইউনিফর্ম পরে বেরোত। যাতে সাধারণ মানুষ তাকে আসল সেনা আধিকারিক বলেই বিশ্বাস করে। এমনকি তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও দীর্ঘদিন তার এই জাল পরিচয়ের কথা বুঝতে পারেননি।
অভিযোগ, সেনার ভুয়ো পরিচয়পত্র ও ইউনিফর্মের দাপট দেখিয়ে সাধারণ মানুষকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত সে।
জানা গিয়েছে, কলকাতা আর্মি ইন্টেলিজেন্সের টিম দীর্ঘদিন ধরেই তার ওপর নজর রাখছিল। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ ও সেনা গোয়েন্দাদের যৌথ উদ্যোগে নবগ্রাম পলসন্ডা টোলট্যাক্স সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
ধৃত তরুণ দাসকে লালবাগ আদালতে তোলা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না এবং উদ্ধার হওয়া নথিপত্র অন্য কোনও অসৎ কাজে ব্যবহার করা হতো কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সেনা গোয়েন্দা বিভাগ।

