বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বিজেপি নেতার নামে ভুয়ো শোকজ চিঠি ভাইরাল! ঘাটাল পদ্মশিবিরে চরম অস্বস্তি

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
বিজেপি নেতার নামে ভুয়ো শোকজ চিঠি ভাইরাল! ঘাটাল পদ্মশিবিরে চরম অস্বস্তি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অজয়কৃষ্ণ প্রধানের নামে একটি ভুয়ো শোকজ চিঠি তৈরি করে তা কর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘাটাল মহকুমার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তোলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিজেপিরই ভেতরের কোনও একাংশ এই চক্রান্তের পেছনে লিপ্ত থাকতে পারে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার কিছুদিন আগেই কেশপুরের বিজেপি নেতা তথা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী শুভেন্দু সামন্তকে সত্যিই একটি শোকজ নোটিস পাঠানো হয়েছিল। সেই আসল চিঠিতে শুভেন্দুবাবুর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ, সাধারণ কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয় প্রদর্শন ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা, তোলাবাজি এবং দলীয় কর্মীদের শারীরিক হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল।
কেশপুরের সেই নেতার আসল শোকজ চিঠি নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছিল, ঠিক সেই আবহকে কাজে লাগিয়ে এবার সহ-সভাপতি অজয়কৃষ্ণ প্রধানের নামে হুবহু একই রকম ভুয়ো চিঠি বানিয়ে ভাইরাল করে দেওয়া হলো। বিজেপি নেতৃত্বের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতে এবং অভ্যন্তরীণ কোন্দল বাড়াতেই পরিকল্পিতভাবে এই জাল চিঠি ছড়ানো হয়েছে। পুলিশ ও দলীয় স্তরে ঘটনার তদন্ত চেয়ে সরব হয়েছেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।