গোবিন্দপুরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারকে চেক প্রদান
রিচা দত্ত, মুর্শিদাবাদ: বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে ঘটে যাওয়া মর্মান্তিক পুলকার্ট দুর্ঘটনার পর বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত শুক্রবারের ওই দুর্ঘটনায় ৪ জন স্কুল পড়ুয়া ও ১ জন বৃদ্ধ সাইকেল আরোহী-সহ মোট ৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। ঘটনার দিনই রেল দপ্তর নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করে।
তার আগেই বুধবার এলাকা পরিদর্শন করেন জেলাশাসক আর. অর্জুন ও জেলা পুলিশ সুপার সচিন মক্কর। তাঁরা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে গোটা গোবিন্দপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে কর্মসূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রোগ্রাম বাতিল না করে বিকল্প জায়গায় করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবহাওয়ার আপডেটের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকবে রাজ্য সরকার।

