সর্বশেষ খবর
ভূমি-সংক্রান্ত ছয় দফা দাবিতে রামপুরহাটে কৃষকসভার মিছিল
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ভূমি-সংক্রান্ত বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি পালন করল সারা ভারত কৃষকসভা, রামপুরহাট ১ নম্বর ব্লক কৃষক সমিতি। মঙ্গলবার পাঁচমাথা মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতরে গিয়ে শেষ হয়। সেখানে বিএল অ্যান্ড এল.আর.ও. অফিসে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে কৃষকসভার পক্ষ থেকে মোট ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল—পাট্টাপ্রাপ্তদের জমির রেকর্ড দ্রুত সংশোধন, রেকর্ডভুক্ত বর্গাদারদের নির্বিঘ্নে চাষের ব্যবস্থা, বড় জমির মালিকদের দখলে থাকা খাস জমি ভূমিহীনদের মধ্যে বণ্টন, দীর্ঘদিন ধরে খাস জমিতে চাষ করে আসা ভূমিহীন পরিবারগুলিকে উচ্ছেদ বন্ধ, সাধারণ মানুষের জমি সংক্রান্ত কাজ দ্রুত নিষ্পত্তি এবং দীর্ঘদিন ধরে জলাশয়ে মাছচাষ করা ভূমিহীন পরিবারগুলির অধিকার সুরক্ষার দাবি।
কৃষকসভার নেতৃত্বের দাবি, বহু ভূমিহীন পরিবার দীর্ঘ কয়েক দশক ধরে জমি ও জলাশয়ে চাষ ও মাছচাষ করে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের উচ্ছেদের চেষ্টা বন্ধ করে আইনসম্মত অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

