জাতীয় কংগ্রেসের মিছিলগামী বাসে হামলার অভিযোগে থানায় ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা, মেমারি: ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে কলকাতা যাওয়ার পথে মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া বাজারে জাতীয় কংগ্রেসের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার বিকালে। মেমারি-২ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেওয়া অভিযোগপত্রে জানানো হয়েছে, গত ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে একটি বাস রওনা দিয়েছিল। বাসটি সাতগেছিয়া বাজারে পৌঁছালে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী মিছিলগামী বাসটিকে আটকে দেয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাস থেকে কংগ্রেস সমর্থকদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে। এমনকি মেমারি ২ ব্লক সভাপতি ফারিয়াদ মল্লিক যে গাড়িতে ছিলেন, সেখান থেকেও তাঁকে বের করে বাঁশ দিয়ে আঘাত করা হয়। মারধরের চোটে তিনি রাস্তায় পড়ে গেলে তাঁকে এলোপাথাড়ি লাথি, চড় ও ঘুষি মারা হয় বলে দাবি করা হয়েছে। হামলায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ফারিয়াদ মল্লিক জানান, দুষ্কৃতীদের নাম জানা না থাকলেও সরাসরি দেখলে তিনি তাদের শনাক্ত করতে পারবেন। এই মর্মে তিনি মেমারি থানার ওসির কাছে লিখিত আবেদন জানিয়েছেন যাতে— ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হয় এবং সাতগেছিয়া বাজারের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

