মহাকাশে ভারতের নয়া পালক, ‘বিক্রম ১’ উৎক্ষেপণে ইতিহাস
নিজস্ব প্রতিবেদন: উৎকণ্ঠার প্রহর কাটল নিমেষেই। মহাকাশ বিজ্ঞানীদের চোখে-মুখে তখন তীব্র দুশ্চিন্তার ছাপ। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল ম্যাজিক! শনিবার ঠিক বেলা ১২টা বেজে ৫ মিনিট ৩০ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে গর্জে উঠল রকেট। মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম ১’।
হায়দরাবাদের স্টার্ট-আপ সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর হাত ধরে ভারতের মহাকাশ গবেষণার মুকুটে যুক্ত হল এক ঐতিহাসিক পালক। মিশন ‘আগমন’ সফল হতেই বিজ্ঞানীদের উৎকণ্ঠা নিমেষের মধ্যে বদলে গেল বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসে। একে অপরকে জড়িয়ে ধরে চলল সাফল্যের উদযাপন।
ভারতের এই দুর্দান্ত সাফল্যের পর শুভেচ্ছা জানাতে দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঐতিহাসিক মুহূর্তটিকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, "এটি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা।" বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বেসরকারি উদ্যোগের এই জয়যাত্রায় দেশ যে এক লাফে অনেকটা এগিয়ে গেল, তা বলাই বাহুল্য।

