লেভেল ক্রসিং দুর্ঘটনায় মৃত ৫, একাধিক ধারায় মামলা
রিচা দত্ত, মুর্শিদাবাদ: ১৭ জুলাই। বহরমপুরের কর্ণসুবর্ণ স্টেশনের লাগোয়া গোবিন্দপুরের লেভেল ক্রসিং। মুহূর্তের অসাবধানতায় ট্রেনের তলায় পিষে যায় ৪ জন স্কুলছাত্র ও ১ জন পথচারী। ৫টি তাজা প্রাণ চলে যাওয়ার ঘটনায় কেঁপে ওঠে গোটা মুর্শিদাবাদ।
এই দুর্ঘটনার জেরে গ্রেফতার হন কর্তব্যরত গেটম্যান অনুপ কর্মকার। রবিবার তাকে লালবাগ ফার্স্ট ক্রিমিনাল কোর্টে হাজির করানো হয়। তদন্তে অগ্রগতির জন্য আজিমগঞ্জ জিআরপির তরফে আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
পুলিশি নথি বলছে, আজিমগঞ্জ জিআরপিএস-এ রুজু হয়েছে কেস নং ১৬/২০২৬। তারিখ ১৭-০৭-২০২৬। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৮, ১০৫, ১১৭(২), ১৮(২) ও ৩২৪ ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
আদালত চত্বরে অভিযুক্তের তরফে সওয়াল করেন আইনজীবী সোনা ভট্টের সহযোগী তপব্রত সরকার। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, "১৭ তারিখ যে বড় রেল দুর্ঘটনাটা ঘটেছিল, সেই সংক্রান্তে আজিমগঞ্জ জিআরপিতে ১৬ নম্বর কেস হয়েছে। BNS-এর ১৯৮, ১০৫, ১৭(২), ১৮(২), ৩২৪ ধারা দেওয়া হয়েছে। আজ আসামিকে লালবাগ কোর্টে প্রোডিউস করা হল। পুলিশ ৭ দিনের PC চেয়েছে। এখন কোর্ট কী অর্ডার দেয় সেটার উপরেই সব নির্ভর করছে।"
আদালতের নির্দেশের অপেক্ষায় এখন সবাই। তবে এই ঘটনার পর রেলের নিরাপত্তা এবং লেভেল ক্রসিংয়ে নজরদারি নিয়ে ফের সরব হয়েছে সাধারণ মানুষ।

