সর্বশেষ খবর
কাটোয়ায় ৬ বছরের মেয়েকে খুন করল মা, থানায় লিখিত অভিযোগ পুলিশকর্মী বাবার
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মাত্র ৬ বছরের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল খোদ জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের তিন মাসের শিশুপুত্রকেও ওই মহিলা বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ার পাঁচঘড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত শিশুর বাবা পুষ্পেন্দু দাম পেশায় একজন পুলিশকর্মী। তিনি মঙ্গলবার কাটোয়া থানায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুকন্যার নাম প্রত্যুষা দাম (৬)। ঘটনার সময় পুষ্পেন্দু বাবু নিজের কর্মস্থল কলকাতায় ডিউটিতে ছিলেন। সোমবার রাতে বাড়ি থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি তড়িঘড়ি কাটোয়ায় ছুটে আসেন। মঙ্গলবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে বা মানসিক অবসাদ থেকেই এই চরম পদক্ষেপ নিয়েছেন ওই মহিলা।
পুষ্পেন্দুর বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপে। সাত বছর আগে পূর্বস্থলীর ছাতনির বাসিন্দা মৌপ্রিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। দ্বিতীয় সন্তানের জন্মের আগে ছ’মাস ধরে মৌপ্রিয়া কাটোয়ার পাঁচঘড়ায় তাঁর মামার বাড়িতে ছিলেন। মৌপ্রিয়ার মামা দেবীপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, তাঁর ভাগ্নির মানসিক সমস্যা ছিল। তাঁর চিকিৎসা চলছিল। পরিবারের সূত্রে আরও জানা গিয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আট মাস আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মৌপ্রিয়া।
পুষ্পেন্দু বলেন, ‘‘স্ত্রীর মানসিক সমস্যা ছিল বলে ওর বাপের বাড়ির লোকজন বলছেন। কিন্তু তা বলে নিজের সন্তানকে কেউ এ ভাবে মেরে ফেলবে? আমি ওর শাস্তি চাই।’’

