বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

কলকাতা পুলিশের পুজো-ব্লুপ্রিন্ট: চতুর্থী থেকেই পথে নামছে ৩৮ হাজার বাহিনী

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
কলকাতা পুলিশের পুজো-ব্লুপ্রিন্ট: চতুর্থী থেকেই পথে নামছে ৩৮ হাজার বাহিনী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ চতুর্থী। অফিস-কাছারিতে ইতিমধ্যেই ছুটির আমেজ। তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে শেষ মুহূর্তের পুজোর কেনাকাটা। তবে উৎসবের এই আনন্দের মাঝেই চোখ রাঙাচ্ছে শহরের যানজট। শহরের বহু জায়গায় সিগন্যালের স্টপেজ টাইম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। আর এই ট্রাফিক পরিস্থিতির হাল ধরতে আজ, বুধবার থেকেই কোমর বেঁধে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। পুজোয় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই একটি বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করেছে লালবাজার।

লালবাজার সূত্রে খবর, আজ বিকেল ৪টে থেকেই ট্রাফিক বিভাগের অতিরিক্ত ১২ হাজার পুলিশকর্মী শহরের রাজপথে নেমে পড়বেন। কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি ট্রাফিক পয়েন্টে মোতায়েন থাকবেন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার অফিসাররা। ট্রাফিক পুলিশের পাশাপাশি ভিড় সামলাতে ২৬ হাজার টেম্পোরারি হোমগার্ডও (টিএইচজি) নামানো হচ্ছে। অর্থাৎ, সব মিলিয়ে মোট ৩৮ হাজার অতিরিক্ত পুলিশ বাহিনী পুজোয় যানবাহন এবং পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করবে।
পুজোর শেষ লগ্নে শপিং মল এবং বড়বাজারের মতো জমজমাট এলাকাগুলিতে কেনাকাটার ভিড় জমছে। সেখানেও ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারির দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। শুধু ট্রাফিক সামলানোই নয়, উৎসবে মেতে ওঠা ভিড়ের সুযোগ নিয়ে যাতে চুরি, ছিনতাই, পকেটমারি বা কেপমারির মতো অপরাধ না ঘটে, তার জন্য সদা সতর্ক থাকবে লালবাজার। এই ধরণের অপরাধ রুখতে পুজো মণ্ডপ ও ভিড় এলাকাগুলিতে মোতায়েন করা হচ্ছে কলকাতা পুলিশের বিশেষ সাদা পোশাকের টিম। চতুর্থীর বিকেল থেকেই কলকাতা জুড়ে শুরু হচ্ছে পুলিশের এই কড়া প্রহরা।

আরও খবর