সর্বশেষ খবর
পরিবারকেন্দ্রিক হলে টিকিট নয়, কড়া বার্তা নিতিনের
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দলকে ভুলে শুধুমাত্র পরিবারকেন্দ্রিক হয়ে গেলে আর রেয়াত করা হবে না। বিজেপি বিধায়কদের বৈঠকে এই ভাষাতেই কড়া বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রের খবর, স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন যে, এই ধরনের মনোভাব বজায় রাখলে আগামী পাঁচ বছর পরে আর নির্বাচনের টিকিট দেওয়া হবে না। একই সঙ্গে সংগঠনের পদাধিকারীদেরও জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, রবিবার দলের এক অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন সর্বভারতীয় সভাপতি। সেখানেই দলের অন্দরে পরিবারতন্ত্র এবং জনসংযোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিতিন নবীন স্পষ্ট করেন, ভারতীয় জনতা পার্টি ব্যক্তি বা পরিবারের স্বার্থে চলে না; দল চলে সংগঠনের জোরে। তাই বিধায়কদের শুধুমাত্র নিজেদের আখের গোছানো বা পরিবারের বৃত্তে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং বুথ স্তরে দলের হাত শক্ত করাই জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সূত্রের খবর, বৈঠকে আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করার পাশাপাশি বর্তমান বিধায়কদের কাজের খতিয়ান নিয়েও আলোচনা হয়। সেখানেই সভাপতি কড়া সুরে জানান, যাঁরা দলকে সময় না দিয়ে নিজেদের পরিবারকে প্রাধান্য দিচ্ছেন, তাঁদের গতিবিধির ওপর শীর্ষ নেতৃত্ব কড়া নজর রাখছে। পারফরম্যান্স খারাপ হলে আগামী দিনে টিকিট কাটার ক্ষেত্রে দল কোনও দ্বিধাবোধ করবে না।
এর পাশাপাশি, জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের মধ্যেকার দূরত্ব মেটাতেও কড়া নির্দেশ দিয়েছেন নিতিন। তিনি জানান, বহু জায়গায় বিধায়ক ও জেলা বা ব্লক স্তরের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। আগামী দিনে দলের ভিত মজবুত করতে সবাইকে একজোট হয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি। সভাপতির এই কড়া বার্তার পর স্বভাবতই দলের অন্দরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

