জেলা
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় বাঁকুড়ায়
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া জেলায় আয়োজিত চার দিনের বিশেষ জনকল্যাণ শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসন সূত্রে খবর, চার দিনের এই শিবিরে আড়াই লক্ষেরও বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করতে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে হাজির হয়েছিলেন। মোটের ওপর, ডবল ইঞ্জিন সরকারের তরফে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর এই প্রথম কর্মসূচি ব্যাপক সফল বলেই দাবি করছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, “চার দিনের এই বিশেষ শিবিরে মোট ২ লক্ষ ৫৯ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা পেতে অনেকেই তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। যোগ্য উপভোক্তারা খুব শীঘ্রই সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত পরিষেবা পেয়ে যাবেন।” জেলা প্রশাসন সূত্রের খবর, চার দিনের এই কর্মসূচিতে জেলাবাসীর মধ্যে ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য বিমা প্রকল্পটিকে ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গিয়েছে। নিখরচায় উন্নত চিকিত্সার সুযোগ পেতে এই স্টলের সামনে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল। পাশাপাশি, পিছিয়ে ছিলেন না জেলার মহিলারাও। কেন্দ্রের ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে গ্রামীণ ও শহরের মহিলাদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। রেশন ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত এই প্রকল্পের সুবিধা পেতে বহু মহিলা শিবিরে এসে আবেদনপত্র জমা দেন। প্রশাসনের একাংশের মতে, প্রত্যন্ত এলাকার বহু মানুষ অনেক সময়ই নানা কারণে সরকারি দপ্তরে গিয়ে প্রকল্পের সুবিধা সময়মতো নিতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সরাসরি মানুষের দোরগোড়ায় এই শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম দফাতেই আড়াই লক্ষের বেশি মানুষের অংশগ্রহণ প্রমাণ করছে যে এই উদ্যোগ কতটা সফল। এক ছাদের তলায় এত সুযোগ-সুবিধা পেয়ে খুশি প্রকাশ করেছেন সাধারণ উপভোক্তারাও।

