সর্বশেষ খবর
চালু হোক বালুরঘাট বিমানবন্দর, সরব তৃণমূল
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্য বাজেটে শুধু ঘোষণা নয়, বালুরঘাট বিমানবন্দর ঠিক কবে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানাক সরকার। এই দাবি তুলে এবার সরব হলেন মালদহের চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। গৌড়বঙ্গের মানুষের দীর্ঘদিনের এই দাবি নিয়ে তাঁর বক্তব্য, আমজনতা স্পষ্ট জানতে চান ঠিক কবে থেকে এই রুটে উড়ান পরিষেবা শুরু হতে চলেছে।
সম্প্রতি রাজ্য বাজেটে পুরুলিয়া, মালদহ ও বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন করে উড়ান পরিষেবা চালুর কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই চাঁচলের বিধায়কের প্রশ্ন, বালুরঘাট ও মালদহ বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকার ইতিমধ্যেই বিপুল অর্থ ব্যয় করেছে। তারপরেও কেন এতদিন ধরে বিমান পরিষেবা থমকে রয়েছে? এই দেরির নেপথ্যে কোনো গলদ থাকলে এবং প্রয়োজন মনে হলে আগের নির্মাণকাজের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক বলেও দাবি তুলেছেন তিনি।
রাজনৈতিক সূত্রে খবর, কেন্দ্রের প্রতিনিধি দল একাধিকবার বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করলেও এখনো পর্যন্ত চূড়ান্ত উড়ানের ছাড়পত্র মেলেনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে নতুন করে উদ্যোগী হয়েছেন। বর্তমানে জানা গিয়েছে, দুই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পরেই চূড়ান্ত উড়ান পরিষেবা চালু করা সম্ভব।
এই পরিস্থিতিতে দাঁড়িয়েই প্রসূনবাবুর প্রশ্ন, এখন যদি নতুন করে রানওয়ে বা অন্য পরিকাঠামো নির্মাণের প্রয়োজন হয়, তবে আগের কাজগুলি কি পরিকল্পনামাফিক হয়েছিল? কোটি কোটি টাকা খরচের পরেও কেন পরিষেবা পেতে এত অপেক্ষা করতে হচ্ছে, তা নিয়ে ক্ষোভ বাড়ছে গৌড়বঙ্গের মানুষের মনে। পুরোদমে বিমান চালুর দাবিতে জনপ্রতিনিধির এই মন্তব্য ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

