বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

জামুড়িয়ায় কারখানায় বিস্ফোরণ, জখম ৩

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
জামুড়িয়ায় কারখানায় বিস্ফোরণ, জখম ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া। শুক্রবার রাতে সেখানকার ইকরামোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ফার্নেস বিস্ফোরণে অন্তত তিনজন শ্রমিক গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। কারখানার ভেতরে থাকা জ্বলন্ত ফার্নেস থেকে ঝলসে যাওয়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার ইকরার 'ক্যালেস্টার' নামক ওই কারখানায় শুক্রবার রাতের শিফটের কাজ চলছিল। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আচমকাই কারখানার ভেতরের একটি ফার্নেস বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের এলাকা কেঁপে ওঠে। ফার্নেস থেকে ছিটকে আসা গলিত লোহা এবং আগুনে পুড়ে যান সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক। প্রথমে হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে তিনজনের গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করে প্রশাসন।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই কারখানার গেটের বাইরে অন্যান্য শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। বড় ধরনের কোনো বিপদ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই গোটা কারখানা চত্বর ঘিরে ফেলে পুলিশ ও দমকল বাহিনী। কারখানা কর্তৃপক্ষের তরফে রক্ষণাবেক্ষণের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলের বিশেষজ্ঞরা। কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকদের একাংশ।

আরও খবর