সর্বশেষ খবর
ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৈরি থাকার ডাক বাংলাদেশের জামায়াত জোটের
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’ এবং সীমান্ত হত্যাকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভারতের বিরুদ্ধে সীমান্ত নীতি লঙ্ঘনের সুর চড়িয়ে এবার সীমান্তবর্তী জেলাগুলোতে ‘হিউম্যান শিল্ড’ তৈরির ডাক দিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ডানপন্থী রাজনৈতিক জোট।
এই পুশ-ইন বিতর্ক ও বিএসএফ-এর (BSF) গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর অভিযোগ তুলে আজ, ১২ জুন ২০২৬ (শুক্রবার) বাংলাদেশের সবকটি সীমান্তবর্তী জেলায় একযোগে বড়সড় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে এই জোট।
গত বুধবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আজাদ এই আন্দোলনের কথা ঘোষণা করেন।
জামায়াত জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সাম্প্রতিক মাসগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৫০টিরও বেশি পয়েন্ট দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালাচ্ছে এবং প্রথম ১০০ দিনেই সীমান্ত সংঘাতের জেরে ১৯ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-কে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় জনগণকে লাঠি-সোটা হাতে রাত জেগে সীমান্ত পাহারা দেওয়ার এবং দীর্ঘ মানবঢাল গঠনের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ভারত বরাবরের মতোই ‘পুশ-ইন’-এর অভিযোগ খারিজ করে দিয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, কোনো ‘পুশ-ইন’ হচ্ছে না, বরং বিদ্যমান আইনি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে কেবলমাত্র অবৈধ বিদেশি নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

