বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত ওভারব্রিজের ঠিকাদার, শোকের ছায়া পরিবারে
রিচা দত্ত, মুর্শিদাবাদ: জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন এক ঠিকাদার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার শরুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম পরেশ হাজরা, বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরেশ হাজরা পেশায় একজন ঠিকাদার ছিলেন। বেলডাঙ্গার বড়ুয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর যে নতুন ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে, সেই নির্মাণ কাজের ঠিকাদারির দায়িত্বে ছিলেন তিনি। প্রতিদিনের মতো এদিনও তিনি বাইকে করে কাজের তদারকি করতে যাচ্ছিলেন।
সেই সময় শরুলিয়া পেট্রোল পাম্পের কাছে পিছন থেকে একটি দ্রুত গতির ডাম্পার এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি বাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই গুরুতর জখম হন। আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত পরেশ হাজরার বাড়ি রেজিনগর থানার অন্তর্গত জগমোহনপুর গ্রামে। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন তিনি। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। আচমকা এই অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা।
এদিকে ঘটনার পর ঘাতক ডাম্পারটিকে আটক করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। চালক পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

