সর্বশেষ খবর
১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রামপুরহাটে ১২ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র রামপুরহাট ১ এরিয়া কমিটি। সোমবার, ৩১ আগস্ট, সংগঠনের পক্ষ থেকে সামাজিক প্রকল্পের বকেয়া অর্থ প্রদান, ১০০ দিনের কাজ চালু, আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি, পানীয় জলের সংকট দূরীকরণ এবং বেহাল রাস্তা মেরামতের মতো একাধিক দাবি জানানো হয়।
এছাড়াও সিপিআই(এম)-এর দাবিগুলির মধ্যে রয়েছে SIR ট্রাইবুনালে আবেদনকারী ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, পাথর শিল্পাঞ্চল স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির তদন্ত, কৃষক ও আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ বন্ধ করা এবং সিলিকোসিসপ্রবণ এলাকায় পানীয় জলের গুণমান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নতি, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং রামপুরহাট শহরের নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার দাবিও জানানো হয়।
এদিন দাবিগুলিকে সামনে রেখে সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকরা মিছিল করে রামপুরহাট শহর পরিক্রমা করেন। পরে মিছিলটি রামপুরহাট মহকুমা শাসকের দফতরের সামনে এসে শেষ হয়। সেখানে একটি প্রতীকী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে সংগঠনের প্রতিনিধিরা মহকুমা শাসকের কাছে ১২ দফা দাবির স্মারকলিপি জমা দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিগুলির দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

