সর্বশেষ খবর
মাঠ দখল করে অভিষেকের ‘সেবাশ্রয়’! বেআইনি কাঠামো ভাঙার দাবিতে হাইকোর্টে মামলা
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর দুটি কাঠামো ভেঙে ফেলার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একটি খেলার মাঠ বেআইনিভাবে দখল করে এই নির্মাণগুলি করা হয়েছিল। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই উচ্চ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ফলতার বাসিন্দা আমিনুদ্দিন খান নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেছেন। মামলাকারীর অভিযোগ, ফলতা বিডিও (BDO) অফিসের পাশে একটি খেলার মাঠ রয়েছে। সেই মাঠেরই একটি বড় অংশ দখল করে অভিষেকের ‘সেবাশ্রয়’-এর জন্য দুটি স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। বর্তমানে সেখানে সেবাশ্রয়ের সমস্ত কাজ বন্ধ রয়েছে। তা সত্ত্বেও বেআইনিভাবে তৈরি হওয়া ওই নির্মাণগুলি মাঠের ওপর আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। সেগুলি অবিলম্বে ভেঙে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মামলাকারী।
অভিযোগপত্রে আরও জানানো হয়েছে যে, এই বেআইনি কাঠামোগুলির কারণে স্থানীয় বাসিন্দা এবং স্কুলের পড়ুয়ারা চরম সমস্যায় পড়েছেন। ওই মাঠে আগে নিয়মিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্থানীয় স্তরের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠান হতো। কিন্তু মাঠের একাংশ দখল হয়ে থাকায় এখন আর কোনও কর্মসূচিই ঠিকমতো করা যাচ্ছে না।
সব মিলিয়ে, ফলতার এই ‘সেবাশ্রয়’ বিতর্ক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, চলতি সপ্তাহে শুনানির পর এই বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দেয়।

