সর্বশেষ খবর
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইঝি তথা বীরভূমের রামপুরহাটের বাসিন্দা বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩৩) রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুরে রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে হলেন এই বৃষ্টি। বিগত রাজ্যজুড়ে বহুল চর্চিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই বৃষ্টির নাম জড়িয়ে পড়েছিল। তিনি স্থানীয় একটি স্কুলে গ্রুপ-সি পদে কর্মরত ছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোদের তালিকায় নাম থাকায় সম্প্রতি তিনি চাকরিটি খোয়ান।
পরিবারের দাবি, চাকরি চলে যাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। গত ৪-৫ বছর ধরে তাঁর মানসিক চিকিৎসাও চলছিল। এর পাশাপাশি সম্প্রতি তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন তিনি। এই জোড়া ধাক্কা সামলাতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পরিবারের।
এদিন দুপুরের পর ঘর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় পরিবারের লোকজন দরজা ভেঙে বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধার করেন। দ্রুত তাঁকে রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার সবকটি দিক খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

