প্রাথমিক শিক্ষা পরিদর্শককে ABRSM-এর সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা।
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নবনিযুক্ত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সমর চন্দ্র মণ্ডলকে সংবর্ধিত করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM)।
মঙ্গলবার বহরমপুরের জেলা শিক্ষা ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ABRSM-এর জেলা শাখার পক্ষ থেকে ডিআই-কে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও ভারত মাতার প্রতিকৃতি তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অনুপম মিত্র, জেলা সম্পাদক সহ জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।
শুধু সংবর্ধনাই নয়, এদিনের সাক্ষাতে জেলার প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কীভাবে স্কুলগুলির পরিকাঠামো আরও মজবুত করা যায়, শ্রেণিকক্ষে পঠন-পাঠনের পরিবেশ আরও উন্নত করা যায় এবং শিক্ষার গুণগত মান বাড়ানো যায়, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।
এছাড়াও প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক জটিলতা ও দাবি-দাওয়া নিয়েও আলোচনা করেন শিক্ষক নেতৃত্ব।
ABRSM নেতৃত্ব জানান, জেলার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতির জন্য প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তারা প্রস্তুত। একইসঙ্গে শিক্ষকদের সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা। শিক্ষা মহলের মতে, নতুন ডিআই দায়িত্ব নেওয়ার পর এই সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

