সর্বশেষ খবর
কাজের দাবিতে পানাগড় শিল্পতালুকে ধুন্ধুমার বিক্ষোভ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: জমি দিয়েও মেলেনি চাকরি। স্থানীয়দের বঞ্চিত করে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল পানাগড় শিল্পতালুকে। এদিন কারখানার গেটের সামনে কাজ ও নিয়োগের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান জমিদাতা ও এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের স্পষ্ট দাবি, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তাই এবার স্থানীয় যুবকদের কাজের বিষয়টিকেই অগ্রাধিকার দিতে হবে।
বিক্ষোভকারীদের পক্ষে সঞ্জয় মেটে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমাদের ঘরের ছেলেরা কাজ না পেয়ে ঘরে বসে আছে। চাষ করার মতো জমিও আর অবশিষ্ট নেই। জমি নেওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কারখানায় কাজ দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। শিল্পতালুকের কোনও কারখানাতেই স্থানীয়রা ব্রাত্য। তাঁর আরও অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে মোটা টাকার বিনিময়ে বাইরে থেকে লোক এনে কাজে ঢোকানো হয়েছে।
আন্দোলনে শামিল গৃহবধূ পরমা মেটের গলাতেও ছিল একই সুর। তিনি বলেন, আমাদের ছেলেদের কাজ দেওয়া হচ্ছে না। এভাবে কতদিন চলবে? আমরা চাই প্রশাসন দ্রুত আমাদের সন্তানদের কাজের ব্যবস্থা করুক।
বিক্ষোভের জেরে শিল্পতালুকের গেটের সামনে দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত যোগ্য স্থানীয়দের কাজে না নেওয়া হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।

