সর্বশেষ খবর
নাবালিকাকে ধর্ষণের পর ভিডিও ফাঁস, গ্রেপ্তার
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়া হয়। এই নারকীয় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকায়। ভিডিও ফাঁসের ঘটনা জানাজানি হতেই ওই নাবালিকাকে বিয়ে করতে বেঁকে বসেন অভিযুক্ত যুবক ও তাঁর পরিবার। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডালের বাসিন্দা ওই যুবকের সঙ্গে প্রতিবেশী নাবালিকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। সম্প্রতি তাঁদের বেশ কিছু ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই নির্যাতিতা ও তার পরিবার চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়ে। এর পর নাবালিকার পরিবার বিয়ের জন্য চাপ দিলে যুবক এবং তার বাড়ির লোকজন সাফ জানিয়ে দেয় যে তারা এই বিয়েতে রাজি নয়।
উপায়ান্তর না দেখে নির্যাতিতার পরিবার অন্ডাল থানার দ্বারস্থ হয় এবং যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পকসো (POCSO) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এর পরেই অন্ডাল এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ভিডিওটি কে বা কারা সমাজমাধ্যমে ছড়িয়ে দিল, তা জানতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।

