সর্বশেষ খবর
ভূমি দপ্তরের কর্তার ১০০ কোটি টাকার সম্পত্তি
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এক সরকারি আধিকারিকের বিপুল সম্পত্তির হদিস পেয়ে চোখ কপালে উঠল তদন্তকারীদের। ভূমি দপ্তরের ওই শীর্ষ আধিকারিকের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকারও বেশি মূল্যের আয়বহির্ভূত সম্পত্তির সন্ধান পেল দুর্নীতিদমন শাখা (এসিবি)। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদে। অভিযুক্ত সরকারি আধিকারিকের নাম সুঙ্কারি নরহরি রাও। তিনি ভূমি দপ্তরের যুগ্ম অধিকর্তা (জয়েন্ট ডিরেক্টর) পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
এসিবি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সুঙ্কারি নরহরি রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি বানানোর অভিযোগ আসছিল। সেই খবরের ভিত্তিতেই বুধবার হায়দরাবাদ ও তার আশেপাশের একাধিক এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। তল্লাশিতে ওই আধিকারিকের নামে ও বেনামে থাকা একাধিক বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক জমি এবং বহুমূল্য সোনা-দানার হদিস মেলে। বাজার দর অনুযায়ী উদ্ধার হওয়া এই সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
বিপুল এই সম্পত্তির উৎসের ব্যাপারে কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই সরকারি কর্তা। এর পরেই এসিবি-র আধিকারিকরা তাঁকে নিজেদের হেফাজতে নেন। বর্তমানে তাঁকে একটি গোপন ডেরায় রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং এর পেছনে আর কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এক সরকারি কর্মচারীর বাড়ি থেকে এত টাকার সম্পত্তি উদ্ধারের ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে তেলঙ্গানার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

