সর্বশেষ খবর
চাকরি প্রতারণার অভিযোগে বিদ্ধ মানস ভুঁইয়া
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণার গুরুতর অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে। এই ঘটনায় মানসবাবুর পাশাপাশি সবঙের আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বাসিন্দা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর দল ছাড়ার কয়েকদিনের মধ্যেই এই পুলিশি অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর তথা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবং থানার এক বাসিন্দা লিখিত অভিযোগে জানিয়েছেন যে, সরকারি চাকরির টোপ দিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় মোট পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। এই চক্রান্তে প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ দুই স্থানীয় তৃণমূল নেতাও সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগকারীর দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দল ছাড়ার পর থেকেই কলকাতায় অবস্থান করছেন মানস ভুঁইয়া। নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর দাবি, এটি একটি ভয়ঙ্কর চক্রান্ত এবং নোংরা প্রতিশোধস্পৃহা ছাড়া আর কিছুই নয়। দল ছাড়ার কারণেই তাঁকে কালিমালিপ্ত করতে এই ধরণের মিথ্যা মামলা সাজানো হচ্ছে বলে তাঁর অনুগামীদের অভিযোগ। তবে আইনি পথেই তিনি এর মোকাবিলা করবেন এবং খুব দ্রুত সত্য সামনে আসবে বলে আশাপ্রকাশ করেছেন মানসবাবু। এই ঘটনায় সবং এলাকায় শাসকদলের অন্দরেও অস্বস্তি বেড়েছে।

