সর্বশেষ খবর
ভুটানে অতিবৃষ্টিতে হড়পা বান, বিচ্ছিন্ন টোটোপাড়া ও জলদাপাড়ার ৩টি রেঞ্জ অফিস
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিথি ও বাংরি নদীতে প্রবল হড়পা বান দেখা দিয়েছে। দুই নদীর এই উপচে পড়া জলের তোড়ে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বন্যার জেরে মাদারিহাটের টোটোপাড়া সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলি জলের তলায় চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার আদিবাসী মানুষ।
অন্যদিকে, হলং নদীর জলের তোড়ে ব্যাপক ক্ষতি হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। জলদাপাড়া ট্যুরিস্ট লজের ঠিক সামনে থাকা দীর্ঘদিনের পুরনো কাঠের ফুটব্রিজটি জলের তোড়ে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই সেতুটি ভেঙে পড়ার ফলে মাদারিহাট শহরের সঙ্গে জলদাপাড়ার তিনটি গুরুত্বপূর্ণ রেঞ্জ অফিস এবং সহকারী বন্যপ্রাণী সংরক্ষকের (ACF) অফিসের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বর্ষার কারণে বর্তমানে জঙ্গল বন্ধ রয়েছে। অভয়ারণ্যে কোনও পর্যটক না থাকায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পর্যটকদের নিয়ে কোনও সমস্যা না থাকলেও, প্রবল সমস্যায় পড়েছেন বনকর্মীরা।
বন দপ্তর সূত্রে খবর, সেতু ভাঙায় এবং চারপাশ জলমগ্ন হওয়ায় টহলদারির কাজে চরম বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই দুর্যোগের মধ্যে লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে। কিন্তু নদী ও নালার জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায়, বন্য হাতি তাড়ানোর কাজে চরম বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। আধুনিক কোনো সরঞ্জাম বা গাড়ি নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ভাঙা সেতু মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। জলদাপাড়ার সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও বন দপ্তরের শীর্ষ কর্তারা।

