আসামিপক্ষের হামলায় আহত ৩ আইনজীবী, গ্রেফতার ১
রিচা দত্ত, মুর্শিদাবাদ: লালবাগ লোয়ার কোর্ট চত্বরে শনিবার সকালে আদালতের কাজ শুর কিছুক্ষণের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মামলাকে কেন্দ্র করে আসামিপক্ষের এক ব্যক্তির সঙ্গে আইনজীবীদের বাকবিতণ্ডা থেকে হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গেছে, একটি মামলার শুনানিকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আইনজীবী সব্যসাচী দত্তের বাদানুবাদ শুরু হয়। এরপরই আইনজীবির উপর হামলা চালানো হয়।
সহকর্মীকে বাঁচাতে এগিয়ে আসেন অপর আইনজীবী বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় তাঁর নাকে গুরুতর চোট লাগে। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য আইনজীবীরা এগিয়ে এলে অভিযুক্ত আরও এক আইনজীবীর হাত ভেঙে দেয় বলে অভিযোগ।
ঘটনার পরপরই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীরা পুলিশের সাহায্যের জন্য চিৎকার করলেও অভিযোগ, সেই সময় চত্বরে কোনো পুলিশকর্মী ছিলেন না।
আহত তিন আইনজীবীকে দ্রুত লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দু'জনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। আইসি নিজে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন। এই ঘটনার পর আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তাঁদের ক্ষোভ, "আদালতের ভিতরেই যদি আইনজীবীরা নিরাপদ না থাকেন, তাহলে বিচারপ্রার্থীরা আসবেন কীভাবে?"

