গাজোলে চরম নৃশংসতা: ২ বছরের শিশুকে চোখ উপড়ে, নলি কেটে খুন, ধৃত জেঠু-জেঠিমা
নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুজো ও উৎসবের মরশুমের মাঝেই এক চরম নৃশংস এবং পৈশাচিক ঘটনার সাক্ষী থাকল মালদহের গাজোল। মাত্র দুই বছরের এক শিশুকে অপহরণের পর অকথ্য অত্যাচার চালিয়ে খুন করার অভিযোগ উঠল তার নিজেরই জেঠু ও জেঠিমার বিরুদ্ধে। শিশুটির চোখ উপড়ে, জিভ ও গলার নলি কেটে খুনের পর তার দেহটি প্লাস্টিকের বস্তায় বন্দি করে একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল। এই শিউরে ওঠা ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত জেঠু ও জেঠিমাকে পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে গাজোলের আলালের ময়না পাইকপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর দিন বেলা ১১টা নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই একরত্তি শিশুটি। চারদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তার কোনও হদিস না মেলায় দুপুরের দিকে গাজোল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগ পেয়েই কোমর বেঁধে তদন্তে নামে পুলিশ। তবে এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও প্রথম দিকে শিশুটির কোনও সূত্র মেলেনি।
পরিস্থিতি বেগতিক দেখে তদন্তের স্বার্থে শেষ পর্যন্ত পুলিশ কুকুরকে কাজে লাগানো হয়। পুলিশ কুকুরের দেখানো সূত্র ধরেই স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার হয় একটি প্লাস্টিকের বস্তা। সেই বস্তা খুলতেই ভিতর থেকে শিশুটির রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে পারিবারিক কোনও পুরনো শত্রুতা বা সম্পত্তিগত বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃত জেঠু ও জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করছে গাজোল থানার পুলিশ।

