পুজোর কলকাতায় রাসায়নিক মেশানো পনির-গ্রেভি, হানা খাদ্য সুরক্ষা দফতরের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে শহরের রাজপথে উপচে পড়ছে মানুষের ঢল। প্যান্ডেল পরিক্রমার পাশাপাশি সমানতালে চলছে দেদার খাওয়াদাওয়া। কিন্তু উৎসবের আবহে দর্শনার্থীদের রসনাতৃপ্তি কি আদেও নিরাপদ? তা খতিয়ে দেখতেই এবার কলকাতার রাজপথে আকস্মিক হানা দিল পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের একটি বিশেষ টিম। অভিযানে রাসায়নিক মেশানো খারাপ মানের পনির এবং অস্বাস্থ্যকর গ্রেভির হদিস মিলতেই তা তৎক্ষণাৎ নষ্ট করে দেওয়া হয়।
উৎসবের দিনগুলিতে শহরের রেস্তোরাঁ ও রাস্তার ধারের খাবারের গুণমান বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসন। বিশেষত রেস্তোরাঁ ও ফুড স্টলের গড় হিসেবে পরিচিত পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট চত্বরে কড়া নজরদারি চালানো হয়। ৭ নম্বর বরো এলাকার এই সমস্ত জনবহুল মোড়ে তল্লাশি চালায় ‘মোবাইল ফুড সেফটি অন হুইলস’ নামক একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি গাড়ি। রাস্তার ধারের নামী-অনামী মিষ্টির দোকান থেকে শুরু করে রোল, চাউমিন, মোমো, বিরিয়ানি, চিকেন চাপ এবং চাইনিজ স্টলগুলির খাবারের মান পরীক্ষা করা হয় এই বিশেষ গাড়িতে।
খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর, এ দিনের অভিযানে পার্ক স্ট্রিট ও মিডলটন স্ট্রিট চত্বরে মোট ২৭টি খাবারের দোকান পরিদর্শন করা হয়েছে। যার মধ্যে সন্দেহজনক বিভিন্ন পদ থেকে মোট ৪০টি খাবারের নমুনা সংগ্রহ করে গাড়ির ভেতরেই সঙ্গে সঙ্গে ল্যাব টেস্ট করা হয়। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যাতে কোনও রকম খামতি না থাকে, তার জন্য পুজোর বাকি দিনগুলিতেও শহরের বিভিন্ন প্রান্তে এই বিশেষ অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।

