অন্নপূর্ণা যোজনার টাকায় শুরু পুজো, বোলপুরে প্রমীলা বাহিনীর বাজিমাত
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: এতদিন পাড়ায় ছোটখাটো অনুষ্ঠান হলেও ছিল না কোনও নিজস্ব দুর্গাপুজো। অঞ্জলি দেওয়া থেকে প্রতিমা দর্শন— ছুটতে হতো দূরের মণ্ডপে। সেই কষ্টের অবসান ঘটাতে এবার কোমর বেঁধে মাঠে নামলেন পাড়ার মহিলারাই। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে বোলপুর থানার কদমতলা এলাকায় এবারই প্রথম শুরু হলো শারদোৎসব। মাত্র ২০ থেকে ২৫ জন মহিলার এই রূপকথার উদ্যোগে শামিল হয়েছেন গোটা পাড়ার বাসিন্দারাও।
কদমতলা এলাকায় পুজোর এই অভাব দীর্ঘদিন ধরেই অনুভব করছিলেন স্থানীয় মহিলারা। বিশেষ করে উৎসবের দিনগুলিতে বয়স্ক মানুষ এবং শিশুদের দূরের মণ্ডপে নিয়ে যাওয়া বেশ ঝক্কির বিষয় ছিল। এই সমস্যার স্থায়ী সমাধানে মহিলারা নিজেরাই পুজো করার সিদ্ধান্ত নেন। নিজেদের হাতখরচ এবং সরকারি প্রকল্পের জমানো টাকা দিয়েই তৈরি হয় পুজোর প্রাথমিক তহবিল। তাঁদের এই মহতী প্রয়াসকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকেও মিলেছে পুজো অনুদান, যা উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে।
প্রথম বছরের পুজো হলেও কদমতলার এই মণ্ডপকে ঘিরে এখন উৎসবের আমেজ তুঙ্গে। পাড়ার মহিলারা নিজেরাই ঘট আনা থেকে শুরু করে পুজোর জোগাড়, সব কাজ হাতে হাত মিলিয়ে করছেন। পুরুষেরা জোগাচ্ছেন নেপথ্যের সহযোগিতা। ঘরের লক্ষ্মীদের হাত ধরে পাড়ায় উমার এই আগমন বোলপুরের কদমতলায় এক অনন্য সম্প্রীতি ও নারীশক্তির নজির সৃষ্টি করল।

