সর্বশেষ খবর
কর্ণসুবর্ণে মর্মান্তিক রেল দুর্ঘটনা: শোকপ্রকাশ মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের, ক্ষতিপূরণের ঘোষণা
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেল স্টেশনের নিকটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রীর অকাল মৃত্যুতে গোটা জেলা শোকস্তব্ধ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ঘটনার বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন এবং তাঁর নির্দেশে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও রাজ্য সরকার গ্রহণ করেছে বলে তিনি জানান।
বর্তমানে জেলা শাসক আর. অর্জুন, পুলিশ সুপার সচিন মক্কর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মেডিক্যাল সুপার-সহ-ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মন্ত্রী ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন।
তিনি বলেন, এই কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে, দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

