সর্বশেষ খবর
দেশজুড়ে বিস্ফোরণের ষড়যন্ত্র! গ্রেপ্তার ৫ পাকিস্তানি চর
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল গুজরাত অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। নিষিদ্ধ পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একটি সক্রিয় মডিউলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে আরও পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করলেন গোয়েন্দারা। ধৃতদের নাম— বিলাল আবিদ শেরা, মহম্মদ আইয়ুব কাদিওয়াল, মহম্মদ শফি মুখি, মহম্মদ হাসান কারাডিয়া এবং মহম্মদ খালি। এই নিয়ে এই নির্দিষ্ট মডিউলটি থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
তদন্তকারী সূত্রের খবর, চলতি মাসের শুরুর দিকেই জইশ-যোগের অভিযোগে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল এটিএস। ধৃত সেই আটজনকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করতেই উঠে আসে এই পাঁচজনের নাম। এরপরই গুজরাতের পাটানসহ বিভিন্ন জেলায় গোপন ডেরায় হানা দিয়ে এদের পাকড়াও করা হয়। ধৃতদের মোবাইল ও গোপন ডেরা থেকে জইশের পতাকা, জেহাদি বই ও ডিজিটাল প্রোপাগান্ডা উদ্ধার হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতেরা গত ছয় মাসেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছিল। গুজরাতসহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনবহুল এলাকায় ধারাবাহিক বড়সড় বিস্ফোরণের ছক কষছিল তারা। এই চক্রের মূল চালিকাশক্তি ছিল পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ধৃতেরা গুজরাতেরই একটি গোপন আস্তানায় আইইডি বা 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' তৈরি করেছিল। নিজেদের তৈরি বোমার কার্যকারিতা যাচাই করতে নির্জন ও প্রত্যন্ত এলাকায় অন্তত ছয় থেকে সাতবার পরীক্ষামূলক বিস্ফোরণও (ট্রায়াল ব্ল্যাস্ট) ঘটিয়েছিল তারা। যার মধ্যে কয়েকটি সফল হলেও কিছু বিস্ফোরক ঠিকমতো কাজ করেনি। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

