সর্বশেষ খবর
বিজেপি আসায় রাজ্যে বাড়ছে বিনিয়োগ, খোঁচা মমতাকে
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাজ্যে বিজেপি সরকার আসার মাত্র ৯ সপ্তাহের মধ্যেই ব্যাপক হারে শিল্প বিনিয়োগ এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে একাধিক বড় শিল্পগোষ্ঠী বাংলায় লগ্নির প্রস্তাব দিচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্প কারখানার এক শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর খোঁচা, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে এখন প্রচুর সময়। তিনি যেন এই প্ল্যান্টের ভিতরটা এসে একবার ঘুরে দেখে যান। দেখার জন্য প্রয়োজনে সরকারি হেলিকপ্টারও দেওয়া হবে।’
পূর্বতন তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষী বা মারোয়াড়িদের দেখলেই বলতেন, বাংলাকে গুজরাত হতে দেব না।” এর জবাবে শুভেন্দুর পাল্টা দাবি, বাংলার সংস্কৃতি চিরকাল অটুট রয়েছে এবং থাকবে। তিনি আরও যোগ করেন, “এবার রাজ্যে সরকার পরিবর্তন না হলে সমস্ত লগ্নিকারীরা ওড়িশায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তৃণমূল আমলে সিন্ডিকেটরাজ আর তোলাবাজি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, রাস্তায় গাড়ি নিয়ে বেরলেই পুলিশ থেকে শুরু করে সবাই হাত পাতত।” গুন্ডা ট্যাক্স আর কাটমানির চোটে শিল্পপতিরা রাজ্য ছাড়ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসাতেই অবশেষে রক্ষা পেয়েছে বাংলা ও বাঙালি। ভয়মুক্ত পরিবেশ তৈরি হওয়ায় পুরোনো লগ্নিকারীরা আবারও রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। এই নতুন প্ল্যান্ট চালুর ফলে স্থানীয় স্তরে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

